রাজশাহীতে চলমান সৃষ্ট নাশকতায় জড়িত থাকায় বিএনপি-জামায়াতের গ্রেফতারকৃত ৯ নেতা-কর্মীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের পাঁচশ টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার রাত ২টার দিকে গ্রেফতারকৃতদের নগরীর বোয়ালিয়া মডেল থানায় হাজির করে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মেহেরচণ্ডী এলাকার আবুল হোসেনের ছেলে তানজিল (২১), একই এলাকার মৃত কোরবান আলীর ছেলে নবাব আলী (২৪), ষষ্ঠীতলা এলাকার ইসলাম শেখের ছেলে রবিউল ইসলাম রুবেল (২২), রাজপাড়া থানাধীন নতুন বিলশিমলা এলাকার ফজলুল রহমানের ছেলে মিজানুর রহমান পাপ্পু (২০), লক্ষীপুর ভাটাপাড়া এলাকার আবদুল রাজ্জাকের ছেলে নাইম (১৮), একই এলাকার আবদুল কাশেমের ছেলে রিফাত হোসেন (১৮), মতিহার থানাধীন ইমাতপুর এলাকার আবদুল জলিলের ছেলে মফিজুল হক (২৮), মিরকামারী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ববিন (৪০), রহনপুর এলাকার ফাহাদ আলীর ছেলে আলী হোসেন (৫০)। এরা সকলেই বিএনপি, জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) মাহমুদুর রহমান জানান, রাজশাহীতে চলমান হরতাল ও অবরোধে ঘটে যাওয়া নাশকতায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে পুলিশের পৃথক পৃথক অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতারকৃতদের বোয়ালিয়া মডেল থানায় হাজির করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতারকৃতদের নাশকতায় জড়িত হওয়ার অপরাধে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ পাঁচশ’টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় প্রদানের পর রাত ৩টার দিকে দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এমকে