ফরিদপুর থেকে অপহৃত তিন শিশু রাজশাহী থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুরা হলো- ডালিম (১২), অনন্যা (৫) ও লাবনী (৭)। তাদের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় সাংবাদিকদের জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার কয়েকজন যুবক তিন শিশুকে বরিশাল-রাজশাহীগামী একটি বিআরটিসি বাসে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন।
তারা বাসের সুপারভাইজারকে শিশুদের রাজশাহী নগরীর শালবাগান এলাকায় নামিয়ে দেওয়ার জন্য বলেন। প্রথমে সুপারভাইজার তাদের নিতে অস্বীকার করলে ওই যুবকরা তাকে মারধরের চেষ্টা করেন। পরে বাধ্য হয়ে সুপারভাইজার তিন শিশুকে গাড়িতে উঠিয়ে নেন।
তিনি আরো বলেন, ওই বাসে করে রাজশাহী ফিরছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের কয়েকজন ছাত্র। সন্দেহ হলে তারা রাজশাহী মহানগর পুলিশকে ঘটনাটি জানান। পরে রাতে বাসটি নগরীর আলুপট্টি মোড়ে পৌঁছালে বোয়ালিয়া মডেল থানার পুলিশ তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া শিশুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের শাহ মখদুম থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হবে বলেন ওই পুলিশ কর্মকর্তা।
এম আর





