লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মাস্টারপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরুসহ লিটন মিয়া (২০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

বুধবার ভোরে ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।

আটক লিটন মিয়া উপজেলার শ্রীরামপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে। তিনি ভারতীয় ব্যবসায়ীদের সহযোগিতায় সীমান্ত পথে গরু পারাপার করতো বলে জানা গেছে।

বিজিবি সূত্র ও এলাকাবাসী জানায়, ভোরে কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই সীমান্তের ৮৪৩ নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলার এলাকায় যায় লিটন। এসময় ভারতীয় ব্যবসায়ীদের সহযোগিতায় গরু নিয়ে ফেরার পথে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। এতে অন্যরা পালিয়ে এলেও ভারতের ৩শ' গজ অভ্যন্তর থেকে গরুসহ লিটনকে আটক করে বিএসএফ।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, এ ঘটনার প্রতিবাদসহ বিজিবির বুড়িমারী কোম্পানি ও বিএসএফের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।
জেড