জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণাধীন মুগদা থানা দক্ষিণের রুকন হাজ্বী মো. নুরুল হুদা’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
মরহুম হাজ্বী মো. নুরুল হুদা শুক্রবার (১৩ জুলাই) সকাল ৭ টায় রাজধানী ঢাকার পূর্ব মানিকনগর নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি পূর্ব মানিকনগর মদিনা মনোয়ারা মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারিসহ বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন। মরহুমের ১ম নামাজে জানাজা বাদ জুমা পূর্ব মানিকনগর মদিনা মনোয়ারা মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হয়। মরহুমের নিজ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের অন্তর্গত হাজ্বীপাড়ায়।
সেখানেই মরহুম হাজ্বী মো. নুরুল হুদা’র ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এক যৌথ জামায়াত শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম হাজ্বী মো. নুরুল হুদা’র কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মুহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এইসব তথ্য জানানো হয়েছে।
এমবি





