রাজধানীর পান্থপথে অবস্থিত বহুতল শপিং কমপ্লেক্স বসুন্ধরা শপিং মলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট সকাল ১১টা থেকে শুরু করে ৯ ঘণ্টা চেষ্টা করে রাত ৮টা ৫০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের তথ্যটি নিশ্চিত করেছে।
সকাল ১১ টার দিকে ভবনটির ছয় তলায় আগুন লেগে তা ' মোটামুটি বড় আকারে' ছড়িয়ে পড়ায়
৭০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডিডি অজিত কুমার রায়ের নেতৃত্ব ৫ জনের কমিটিটি আগামী ৭ দিনের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট দেবে।
এর আগে দুপুরের পর আগুনের লেলিহান শিখা কিছুটা কমলেও প্রচুর ধোঁয়ায় চারপাশের এলাকা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়।
একপর্যায়ে পানি শেষ হয়ে গেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসার সহযোগিতায় আবার উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে রাত ৮টা পর্যন্ত আগুন জ্বলছিল।
সকালে ঘটনাস্থলে ছিলেন এমন কয়েকজন কর্মচারী বলেন, আগুন লাগার পর প্রথমে ওই শপিং মলের নিজস্ব বাহিনী দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।
কিন্তু অদক্ষতার কারণে তারা সরঞ্জাম ব্যবহার করতে পারেননি। পরে বাধ্য হয়ে তারা ফায়ার সার্ভিসকে ডাকেন। কিন্তু ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এদিকে, ছাদে আটকে পড়া ১২ জনের মধ্যে নয়জনকে উদ্ধারের কথা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হলেও বিকালে আরও ১১ জনকে উদ্ধারের খবর দেন উদ্ধার কাজের প্রধান সমন্বয়ক ফায়ার সার্ভিসের উপ পরিচালক মিজানুর রহমান।
ছাদে আটকে পড়া মোট ২০ জনের মধ্যে দু'জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, বসুন্ধরা সিটি সাধারণত সকাল ১১ টায় সবার জন্য খুলে দেয়া হয়। এর আগে বিভিন্ন দোকানের লোকজন সেখানে প্রবেশ করেন।
ঢাকার বৃহৎ একটি শপিং মল বসুন্ধরা সিটিতে এর আগেও চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ঐ অগ্নিকাণ্ডে সাত জন নিহত হয়।
এসএম





