হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তের হামলায় ট্রাফিক পুলিশের একজন পরিদর্শকসহ ৫জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মাধবপুর উপজেলার আদাউর নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা জানান, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি মাইক্রোবাসযোগে তারা নাসিরনগর ভুবনে একটি মাজারের ওরসে যান। পরে ওরস শেষে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে রাত ১২টার দিকে হবিগঞ্জের মাধবপুরের আদাউর নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র মুখোশধারী তাদের মাইক্রোবাসের গতিরোধ করে।

আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. বায়েজিদ (৫০), এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য (৫২), ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিন (৫৫), তাদের গাড়ি চালক মো. মোস্তাক মিয়া (৩০)।

তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তরা আহতদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়। তবে, পুলিশ বলছে ডাকাতরা ডাকাতি করতে এসে এ হামলা চালায়।

মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এআই