কুমিল্লার দেবিদ্বারে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। তার নাম জোবায়ের আহাম্মদ (৯)। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় দিকে দেবিদ্ববার উপজেলার গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বনকোট গ্রামে এ ঘটনা ঘটে।
সম্পত্তি নিয়ে বিরোধর জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দেবিদ্বার উপজেলার গুনাইঘর (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকবল হোসেন মুকুল জানান, বনকোট গ্রামের শামীম আহম্মদে সঙ্গে একই গ্রামের নুর মোহাম্মদ কিসলুর জমি নিয়ে বিরোধ চলছিল।
শুক্রবার শামীম বিরোধপূর্ণ ওই জমিতে বাথরুমের রিং বসাতে গেলে কিসলু এসে বাঁধা দেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন পাশের জমির মালিক আওয়ামী লীগ নেতা মুকুল। পরে এ নিয়ে কিসলুর সঙ্গে মুকুলের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে মুকুলকে লক্ষ্য করে কিসলু গুলি চালান। কিন্তু ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিশু জোবায়েরের পায়ে লাগে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর দুপুর ১২টার দিকে সেখান থেকে তাকে কুমেক হাসপাতালে নিয়ে আসা হয়।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠনো হয়েছে, তবে কে গুলি চালিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমআর





