ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯৩ জন নতুন রোগী।
এদিকে, আজ সন্ধ্যায় চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু সাঈদ নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছেন ৩২৫ জন। বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগী ৩ হাজার ৩৩৭ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭০৪ জন এবং অন্যান্য জায়গায় ১ হাজার ৬৩৩ জন ভর্তি আছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত (০৬ সেপ্টেম্বর) ৭৫ হাজার ১৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭১ হাজার ৬১৭ জন।
এখন পর্যন্ত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৮৮টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে সংস্থাটি ৯৬টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে ৫৭টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। তথ্য সূত্র-ইউএনবি।
ডেঙ্গুতে আবু সাঈদের মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু সাঈদ নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবু সাঈদ চট্টগ্রাম নগরের আসাদগঞ্জ এলাকার ইসলামপুরের সাদমান সরকারের ছেলে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। এনিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন রোগীর মৃত্যু হয়েছে।
চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন দাশ সমকালকে জানান, বৃহস্পতিবার রাতে আবু সাঈদকে হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গুর পাশাপাশি তিনি ডায়রিয়াসহ আরও কয়েকটি রোগে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার জানান, শুক্রবার চট্টগ্রাম নগরের কয়েকটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জন রোগী ভর্তি হয়েছেন।
এমবি





