যশোরে ভাতিজার ধারালো বটির কোপে আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত ভাতিজা আলালকে আটক করেছে পুলিশ।

আজ (০৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম ভাতুড়িয়া গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। আটক আলাল একই গ্রামের রওশন আলীর ছেলে। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজ পড়ে আবুল কাসেম নারায়ণপুর মোড়ে চায়ের দোকানে যান। সেখানে মানসিক ভারসাম্যহীন আলাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো বটি দিয়ে চাচার মাথায় কোপ দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা কাশেমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মানসিক ভারসাম্যহীন ভাতিজাকেও আটক করা হয়েছে।

এমবি