রাজধানীর বাড্ডার একটি স্কুল থেকে অবিভাবকসহ ১৮ জনকে গ্রেপ্তার, সাজানো বিশেষ ক্ষমতা আইনে ২ জনকে ৩ দিনের এবং ১৬ জনকে ২ দিনের রিমান্ডের নামে নির্যাতনের তীব্র প্রতিবাদ এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে কথিত রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।

এক বিবৃতিতে মহানগরী আমীর বলেন, স্কুল থেকে জেহাদী বই উদ্ধারের নামে সম্পূর্ণ অন্যায় ভাবে অবিভাবকসহ ১৮ জনকে গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ২ জনকে ৩ দিনের এবং ১৬ জনকে ২ দিনের রিমান্ড মন্জুর করে গ্রেপ্তারকৃতদের উপর রিমান্ডের নামে অমানুষিক নির্যাতন চালাচ্ছে। যা সরকারের ফ্যাসীবাদী আচরণেরই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, সরকার জেহাদী বই উদ্ধারের নামে কুরআন -হাদীস ও ইসলামী সাহিত্য সংরক্ষণকারীদের গ্রেপ্তার ও হয়রানী করে মূলত দেশ থেকে ইসলামী তাহজিব-তামুদ্দুনকে সমূলে ধ্বংস করার ঘৃণ্য চক্রান্তে মেতে উঠেছে।

সরকার দেশপ্রেমী ও ইসলাম প্রিয় শান্তিকামী জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে তাদের অবৈধ ক্ষমতাকে আরো প্রলম্বিত করতে চায়।

কিন্তু সচেতন জনতা সরকারের অগণতান্ত্রিক ও ইসলাম বিদ্বেষী সে ষড়যন্ত্র কখনোই সফল হতে দেবে না। তিনি বাড্ডা থেকে গ্রেফতারকৃত ১৮ জনকে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় রিমান্ডের নামে নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এসএম