সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ।
বুধবার দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত মামলার সাক্ষ্য নেন যুগ্ম দায়রা জজ আদালত-১ এর বিচারক মো: রফিকুল ইসলাম।
মামলায় আরও সাক্ষ্য দিয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী ঢালী আলম মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি। এসময় বাসের চালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২৩ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
সাক্ষ্য গ্রহণে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আইন কর্মকর্তা (এপিপি) মো: তারিকুল ইসলাম হীরা, নুরুল হুদা রুবেল ও আফসারুল ইসলাম মনি।
আসামীপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন মাধব সাহা। এর আগে গত ৭ সেপ্টেম্বর আদালতে এই মামলায় প্রথম সাক্ষ্য দেন মামলার বাদী পুলিশ পরিদর্শক লুৎফর রহমান।
২০১১ সালের ১৩ আগষ্ট ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ২০১২ সালের ২১ মার্চ চালককে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





