‘বিএসএফ’র সাথে বিজিবির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে কমেছে সীমান্ত চোরাচালান। রবিবার সকালে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে পিলখানা বিদ্রোহ ও হত্যাকাণ্ডের বিচার কার্যের মাধ্যমে বিজিবি বাহিনী কলঙ্কমুক্ত হয়েছে।

তিনি বলেন, ‘সীমান্তে দায়িত্ব পালনে বিজিবি সফল হয়েছে। বিজিবির তৎপরতার কারণেই সীমান্তে অপরাধ কমেছে।’ বিজিবির আধুনিকায়নে সরকার কাজ করছে। তাদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। বিজিবিতে সুযোগ দেয়া হয়েছে ২০০ নারীকে।

২০০৯ সালের মতো আত্মঘাতী ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

একই অনুষ্ঠানে তিনটি হাসপাতাল ও বিজিবি সদস্যদের জন্য সীমান্ত ব্যাংকের লোগো নির্বাচন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজিবি সদস্যদের জন্য বহুল প্রতীক্ষিত ‘সীমান্ত ব্যাংক’-এর লোগো নির্বাচন ও উদ্বোধন করে চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও ও খাগড়াছড়ির জালিয়া পাড়ায় ৫০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের কার্যক্রম ফলক উন্মোচন করেন।

সকাল ৯টায় পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে আসেন। প্যারেড গ্রাউন্ডে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

এসময় বিজিবির চৌকস সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ ও সালাম গ্রহণ শেষ করে প্রধানমন্ত্রী বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড পদক, বাংলাদেশ বর্ডার গার্ড সেবা পদক, প্রেসিডেন্ট পদক ও প্রেসিডেন্ট সেবা পদক প্রাপ্তদের ৬০জনকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

 

এমএম/এমএ