কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছে। এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট চলছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এরপর মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট চলছে।
প্রত্যক্ষদর্শীরা ও দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, নোয়াখালীগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ও ঢাকাগামী মালবাহী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের চালক ছাত্তার মিয়া (২৮) আহত হন। তাঁকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এরপর থেকে মহাসড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে উপজেলার শহীদনগর এলাকা থেকে রায়পুর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
উপজেলার বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ কুমার চক্রবর্তী বলেন, যানজটের কারণে মহাসড়কের দাউদকান্দির আমিরাদ এলাকা থেকে শহীদনগর এলাকা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার তাঁকে হেঁটে যেতে হয়েছে।
ফেনী থেকে ঢাকাগামী স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাসের চালক রবিউল আউয়াল, ঢাকাগামী এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের চালক মো. সোহেল, ঢাকাগামী ড্রিমল্যান্ড বাসের চালক ছিদ্দিক মিয়া ও চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের চালক মোবারক হোসেন বলেন, মহাসড়কের ধীতপুর এলাকায় এসে সকাল সাড়ে ছয়টার দিকে তাঁরা যানজটে আটকা পড়েন। গৌরীপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ পার হতে তাঁদের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকের সিমেন্টবোঝাই বস্তাগুলো মহাসড়কের পাশে নামিয়ে রেখে রেকারের মাধ্যমে ট্রাক ও কাভার্ডভ্যান দুটি সরানোর চেষ্টা চলছে।
এমই





