মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেট্রোরেলকে দেশের আধুনিক, নিরাপদ, দ্রুতগতির ও পরিবেশবান্ধব নগর পরিবহন হিসেবে আরো জনপ্রিয় করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে, মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ছিল। তবে রাজধানীর যানজট কমানো এবং নগর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বিবেচনা করে সরকার আরো ছয় মাসের জন্য কর ছাড় বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ আনুষ্ঠানিকভাবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে মেট্রোরেলের ভাড়া যাত্রীদের জন্য সাশ্রয়ী থাকবে। একই সাথে ঢাকার ক্রমবর্ধমান পরিবহন সঙ্কট মোকাবিলায় মেট্রোরেল আরো জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এনএইচ