চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ঘটনা তদন্তে আজ মঙ্গলবার কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিন সদস্যের এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে গতকাল সোমবার এই সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সংগঠনটির ৬৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত অনেককে আসামি করে তিনটি মামলা করেছে পুলিশ।
আজ দুপুরে হাটহাজারী থানার তিন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলা তিনটি করেন। আসামিদের মধ্যে ৩৮ জন গ্রেপ্তার রয়েছেন।
তদন্ত কমিটি
গতকালের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এক সভা হয়।
সভায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি, পরস্পরকে আঘাত করে আহত করা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।
সভায় সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহমদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুজন সদস্য হলেন সহকারী প্রক্টর মোহাম্মদ শহিদুল আলম ও মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিন মামলা
হাটহাজারী থানার পুলিশ জানায়, গতকাল সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই মঞ্জুর আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া শাহজালাল আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন এসআই স্বপন কুমার।
শাহ আমানত আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন এসআই হাবিবুর রহমান।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল বলেন, ‘তিনটি মামলায় ৩৮ জন গ্রেপ্তার আছেন। অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’
গতকালের সংঘর্ষ
ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
পরে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে ৩৫ জন নেতা-কর্মীকে আটক এবং দুটি অস্ত্র, প্রায় ৭০টি রামদাসহ কয়েক বস্তা পাথর ও লাঠিসোঁটা উদ্ধার করে পুলিশ।
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যেই গতকাল সকালে স্নাতক প্রথম বর্ষের প্রকৌশল অনুষদ এবং বিকেলে মৎস্য ও সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা হয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার কারণে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভয়ে এদিক-ওদিক ছুটতে থাকেন।
এমআর





