অতি জোয়ারের পানিতে বিধ্বস্ত ভোলা ইলিশা ফেরিঘাটের ভাঙ্গা অ্যাপ্রোচ সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দ্রুত মেরামত না করা হলে যে কোন মূর্হুতে সড়কটি মেঘনা নদীতে বিলীন হওয়ার আশংকা রয়েছে। এতে বন্ধ হয়ে যেতে পারে বরিশাল-ভোলা-লক্ষীপুর রুটের যোগাযোগ।
বিধ্বস্ত এ সড়কে প্রায় প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনা ঘটছে। আর দুর্ঘটনা ঘটলেই ৫/৬ ঘন্টার জন্য সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের পড়তে হয় চরম দূর্ভোগে।
এদিকে এ সড়কটি স্থায়ীভাবে রক্ষায় ভোলা সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের মধ্যে চলছে কাজ বাস্তবায়ন নিয়ে রশি টানাটানি। সড়কটি এক বছর আগে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত হয়। গত পূর্ণিমায় অতি জোয়ারের তীব্র স্রোত আর ঢেউয়ের তোড়ে সড়কটির অনেকাংশ ভেঙে যায়। ফলে ওই সড়কে যানবাহন চলাচল হুমকির মুখে পড়ে।
এরমধ্যে ভোলা সওজ বিভাগ সড়কটিতে নামেমাত্র বালির বস্তা ফেললেও স্থায়ী কোন পদক্ষেপ নিতে পারেনি। আগামী অমাবশ্যার আগে সড়কটি দ্রত মেরামত করা না হলে যে কোন মূহুর্তে সড়কটি বিলীন হয়ে যেতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
ইতিমধ্যে সড়কটি রক্ষার দাবিতে ভোলা স্বার্থ রক্ষা বাস্তবায়ন কমিটির আয়োজনে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও যোগাযোগ মন্ত্রী , নৌ ও পানি সম্পদ মন্ত্রীকে স্মারকলিপি দেয়া হয়েছে।
সড়ক বিভাগ জানায়, মেঘনার ভাঙ্গনের হাত থেকে এ সড়কটি রক্ষায় বালির বস্তা সিমেন্ট দিয়ে ডাম্পিং মোটেই যথেষ্ট নয়। তাই পানি উন্নয়ন বোর্ডকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





