সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতীয় দুদলী এলাকায় বিএসএফ’র নির্যাতনে জগদীশ গোস্বামী নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বিষ্ণুপদ গোস্বামীর ছেলে।

শনিবার দুপুরে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুশখালী বিওপির নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে জানান, জগদীশ গোস্বামী শনিবার ভোরে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুদলী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। পরে তার ওপর নির্যাতন চালিয়ে বাংলাদেশ সীমান্তের কুশখালী এলাকায় মেইন পিলার ৯ এর কাছে ফেলে যায় তারা। পরে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা-৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আহসান হাবীব ঘটনা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ ঘটনার প্রতিবাদে বিএসএফকে একটি প্রতিবাদ পত্র দেয়া হবে।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইনিউজবিডি.কম, জেএ