ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, “আগামী ৩ দিনের মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে টেলিটকের বুথ বসানো হবে।”
আজ শনিবার বিটিআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আগামী ৩ দিনের মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে টেলিটকের বুথ বসানো হবে। সেখানে টেলিটক সিমের মাধ্যমে অভ্যন্তরীণ পর্যায়ে স্বল্প মূল্যে কথা বলতে পারবেন রোহিঙ্গারা।”
তিনি আরও বলেন, আমরা শরণার্থীদের জন্য মানবিক। তাদের খাদ্য, স্বাস্থ্য নিয়ে আন্তরিক। তাদের যোগাযোগের বিষয় নিয়েও আন্তরিক।
তারানা হালিম বলেন, যারা নিজের নামে কেনা সিম অন্যকে ব্যবহার করতে দেবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে নিবন্ধিত রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।
তিনি আরো বলেন, “টেলিটক ছাড়া অন্য যে সকল অপারেটরের সিম রোহিঙ্গারা ব্যবহার করছেন তা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।”
ফেসবুকে রোহিঙ্গাদের অত্যাচারের ছবি ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “ইতোমধ্যে কিছু ছবি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা ফেসবুককে অনুরোধ করেছি তারা নিজেরাও কিছু ছবি সরিয়ে দিয়েছে।”
এমবি





