দেশে প্রথম ধাপের স্থগিত ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলেছে।এদিকে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে ভোটকেন্দ্রে গোলাগুলির খবর পাওয়া গেছে।

জানা গেছে, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে আবুল কালাম নামে ১ জন নিহত হন। এ সময় আরও ৪ জন গুলিবিদ্ধ হন।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুতুবজোমের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিকে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা কেন্দ্রে সংঘর্ষে আব্দুল হালিম নামে ১ জন নিহত হয়েছেন।

আবুল কালাম স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থক।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের কারণে ২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী শেখ কামাল এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে ভোট জালিয়তি নিয়ে বাকবিতণ্ডা হয়।

পরে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবুল কালাম (৪০) নিহত হন।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি। যেখানে উত্তপ্ত হয়েছে সেখানের পরিস্থিতি স্বাভাবিকের পথে।

উল্লেখ্য, ১ম ধাপে দেশের ১৯টি জেলার ৬৪টি উপজেলার ৩৭১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ এপ্রিল এসব নির্বাচন হওয়ার কথা ছিল।

তবে করোনা সংক্রমণের কারণে ওই নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ২১ জুন স্থগিত ইউপির মধ্যে ২০৪টির ভোটগ্রহণ করা হয়। সোমবার ২০ সেপ্টেম্বর হবে ১৬১টি ইউপির।

দেশে ৪ হাজার ৫৭১ টি ইউনিয়ন পরিষদেও মধ্যে ইতোমধ্যে মেয়াদউত্তীর্ণ হওয়া হাজার খানের ইউপিতে ডিসেম্বরের মধ্যে এবং বাকিগুলো কয়েক ধাপে ভোট নেয়া হবে বলে নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছে।

এইচএন