পুরান ঢাকায় হোসেনি দালানে শিয়া সম্প্রদায়ের মিছিলে বোমা হামলার ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার বেলা সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে বোমা বিস্ফোরণে আহতদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিয়া সম্প্রদায়ের মিছিলে বোমা হামলার ঘটনাটি দেশ, বিদেশে আন্তর্জাতিক ভাবমুর্তি নষ্ট করে দেশে অস্থিতিশীল পরিবশে সৃষ্টি করে আতঙ্ক তৈরি করার একটি বহিপ্রকাশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হবে। আমাদের কাছে অনেক তথ্য আছে।  তিনি বলেন, যারা সাধীনতায় বিশ্বাসী না বা যারা এর বিরোধী সে ধরনের একটি সংগঠন এ কাজ করেছে।

প্রশ্নের জবাবে তিনি বলেন, এঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করছেন। এর সঙ্গে জড়িতদের খুব শিগগির আইনের আওতায় আনা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তার দুর্বলতা ছিল বলে মনে করিনা। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এধরনের কাজ করছে।  আমাদের গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ অন্যান্যরা।

প্রসঙ্গত, পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শুক্রবার গভীর রাতে বোমা হামলায় সানজু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জনের বেশি। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

এমআর/এআই