জেলার পৌর এলাকার মনোহর বাজারে অগ্নিকাণ্ডে ৪০০ বস্তা চাল ও ৩০০ বস্তা সিমেন্ট পুড়ে চাই ছাঁই হয়ে গেছে।

শনিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে মনোহর বাজারের তালুকদার ভ্যারাইটি স্টোর এবং সোহরাব সিকদারের সিমেন্ট ও চালের দোকান পুড়ে যায়।

এ সময় দোকান দুটিতে থাকা ৩০০ বস্তা সিমেন্ট, ৪০০ বস্তা চাল, গার্মেন্টস, জুতা, কসমেটিকসসহ সব মালামাল পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের সময় দোকানে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন।

তালুকদার স্টোরের মালিক বাবুল তালুকদার বলেন, ঈদের দিন শনিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

এতে দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকাণ্ডে তার দোকানের প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

অপর দোকান মালিক ও মনোহর বাজারের বণিক সমিতির সভাপতি সোরহাব সিকদার বলেন, পাশের ঘর থেকে আগুন এসে আমার দোকানের ৩০০ বস্তা সিমেন্ট ও ৪০০ বস্তা চাল পুড়ে ও ভিজে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, শনিবার গভীর রাতে মনোহর বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। দুটি দোকানে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এমকে