পুরান ঢাকার শহীদনগরে একটি চুড়ির কারখানায় আগুন লেগে প্রায় দেড় ডজন দোকান ও ঘর পুড়েছে। তবে এতে কেউ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার রাত পৌনে ১০টার দিকে শহীদনগরের ৬ নম্বর সড়কের ওই কারখানায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন আশপাশের দোকান-ঘরে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত একজন কর্মকর্তা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি কিংবা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। ওই আগুন রাসায়নিক ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থের জন্য বেশি ছড়িয়েছিল বলে ফায়ার সার্ভিসের ভাষ্য।

ওই ঘটনার পর পুরান ঢাকা থেকে রাসায়নিক ও প্লাস্টিকের গুদাম সরিয়ে নিতে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এর আগে ২০১০ সালের ৩ জুন রাতে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ১২৫ জনের মৃত্যু হয়।

এএস