ঢাকার সাভারে রাস্তা পারাপারের সময় বাসচাপায় আব্দুস সালাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালামের বাড়ি কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া খরমপট্টিতে। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, দুপুরে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হচ্ছিলেন আব্দুস সালাম। এ সময় একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিউর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এমবি





