ময়মনসিংহের ত্রিশালে পুলিশ হত্যা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজিমউদ্দিনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।  
কমিটির অন্য সদস্যরা হলেন- পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি টিপু সুলতান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (জেল-১) সালমা বেগম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারা ও অগ্নি) ইফতেখারুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছেন, কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
রোববার কাশিমপুর কারাগার থেকে জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ময়মনসিংহের একটি আদালতে নেয়ার পথে পুলিশের প্রিজন ভ্যানে বোমা হামলা চালায়। দৃর্বৃত্তরা তিন আসামি ছিনতাই করে। এসময় এক পুলিশ সদস্য নিহত ও অপর দুজন আহত হয়েছে।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]