কক্সবাজার শহরে নিজ বাসার সামনে সাহাব উদ্দীন (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে।

শনিবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের সাবমেরিন ক্যাবল স্টেশনসংলগ্ন ফরেস্টের গলিতে নিহতের নিজ বাসার গেটের সামনে এই ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকাপল্লী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় চায়ের দোকানদার।

স্বজনরা জানান, একটি সন্ত্রাসী গ্রুপ কয়েকদিন থেকে সাহাব উদ্দীনের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

কক্সবাজার মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, নিহতের পরিবার ও স্থানীয়দের মাধ্যমে হত্যার সঙ্গে জড়িত দুজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এছাড়াও নিহতের পরিবারের কাছ থেকে জড়িতদের ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে ওসি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এমবি