গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে। এ ছাড়া গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার চত্বরে নববর্ষ উপলক্ষে র্যা লি বের হয়। কারাবন্দিদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ খাবার এবং বন্দিদের নিয়ে কারা অভ্যন্তরে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেলা ১১টার দিকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবীর, কাশিমপুর কারাগারের অতিরিক্ত জেলসুপার মো. মিজানুর রহমান, সুব্রত কুমার বালা, প্রশান্ত কুমার বণিক, কারাগারগুলোর জেলারসহ ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কারা সূত্রে জানা গেছে, নববর্ষ উপলক্ষে কারাবন্দিদের খাবার তালিকায় রয়েছে সকালে পান্তা, রুই মাছ ভাজি, আলু ভর্তা। দুপুরে মুরগির মাংস, ভুনা খিচুরি,সালাদ ও আলুর দম এবং রাতে ভাত, সবজি ও ডাল।
এ ছাড়া কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের সঙ্গে থাকা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কারা মহাপরিদর্শক তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কাশিমপুরে থাকা চারটি কারাগারেই বন্দিদের বিশেষ খাবার দেওয়ার পাশাপাশি সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
এম অার





