নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এই দুই নেতা ২০ মিনিটব্যাপী কথা বলেন। এ সময় বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বলে জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
ইহসানুল করিম বলেন, মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে দক্ষিণ এশিয়ার দুই প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন। তারা পরস্পরের কুশল বিনিময় করেন। একে অপরের দেশের মানুষকে শুভেচ্ছা জানান। পাশাপাশি দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, “নেপালের প্রধানমন্ত্রী বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিকটন সার চেয়েছেন।”
ইহসানুল করিম বলেন, জবাবে প্রধানমন্ত্রী নেপালকে সার দিতে সম্মত হয়েছেন।
তিনি বলেন, ২০ মিনিট টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে রেল ট্রানজিট প্রদানের ব্যাপারেও আশ্বাস দিয়েছেন।
নেপালের প্রধানমন্ত্রী এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইহসানুল করিম বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।
তারা আশা প্রকাশ করেন, ব্যবসা বাণিজ্য জোরদারে শিগগিরই দুই দেশের মধ্যে প্রিফারেনসিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরিত হবে।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী শর্মা ওলিকে তার দেশে সফলভাবে করোনাভাইরাস মোকাবেলার জন্য অভিনন্দন জানান।
এমবি





