কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে উপজেলার হারবাং ইউনিয়নের ইনানী রিসোর্ট এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম এনামুল হক (৩৭)।

এনামুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তাঁর বাড়ি চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল ৮ টার দিকে হারবাংয়ের ইনানী রিসোর্ট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাসের সঙ্গে চকরিয়া থেকে চট্টগ্রামমুখী এক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাসের যাত্রী এনামুল হক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও তিন যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিংগা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁদের সহকারীরা পালিয়ে গেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, নিহত এনামুল হক সিএমপিতে কর্মরত ছিলেন। ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি কোন থানায় কর্মরত ছিলেন, তা এখনো জানা যায়নি।

এমবি