লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি ফখরুল ইসলাম বুলেটকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত ফখরুল ইসলাম সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এলাকার স্কুলশিক্ষক এনামুল হকের ছেলে।

শনিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মহেন্দ্রনগর বাজারের খান মার্কেট এলাকায় বুলেটের ওপর হামলা করে দুর্বৃত্তরা।

এলাকাবাসী ও পুলিশ জানায়, যুবলীগ সদস্য বুলেটকে স্থানীয় কতিপয় দুর্বৃত্ত মুঠোফোনে মহেন্দ্রনগর বাজার এলাকায় ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দীপংকর রায় তাকে মৃত ঘোষণা করেন।

ওই চিকিৎসক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ২০-২২টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের ভাই লোটাস সরকারের দাবি, ফখরুল ইসলাম বুলেটকে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মুঠোফোনে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যুবলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনো মামলা হয়নি, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র।’

এএইচ