ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ছকড়িকান্দি পরিত্যক্ত ম্যাক্সিম ইট ভাটায় দুই দল ডাকাতের মধ্যে 'গোলাগুলির' ঘটনা ঘটে। এতে অজ্ঞাত দুই ডাকাত নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনাস্থল থেকে দুই ডাকাতের লাশ উদ্ধার করে পুলিশ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। নিহত এক ডাকাতের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি জাপানি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে একই রাতে মধুখালী থানা রোড থেকে ডাকাতির প্রস্তুতিকালে অপর ছয় ডাকাতকে অস্ত্রসহ আটক করা হয়েছে। অটককৃতরা হলেন- মধুখালীর মধুপুর গ্রামের লুৎফর সেখ (২৪), রাজবাড়ির ভাদু সেখ (৪৩), বালিয়াকান্দির রিয়াজুল (২৬) সালমারা, ধামুকদিয়া কালুখালীর আসলাম (২৪), বাজরা আলফাডাঙ্গার রবিউল সেখ (৩৫), দীমুখদিয়া কালুখালীর সোহেল (২৪)।
পুলিশ তাদের কাছ থেকে একটি বন্দুক, দুইটি ছুরি, চাইনিজ কুড়াল, রামদা ও ১১টি ককটেল উদ্ধার করেছে। মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন জানান, রাত আড়াইটার দিকে ছকড়িকান্দি পরিত্যক্ত ইটভাটায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে মহাসড়কের টহলরত পুলিশের এসআই মনিরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইটি অজ্ঞাত লাশ উদ্ধার করেন। পরে লাশ দুইটি ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন।
জেড





