কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারার ফারাকপুর রেলগেটে বসে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর জাসদ ক্যাডাররা হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে জাসদের নেতাকর্মীকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় একটি মোটরসাইকেল ভাঙচুর ও উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

গুরুতর আহতরা হলেন, ভেড়ামারা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক টুটুল রায়হান (৩৫), মোকারিমপুর ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম (৪৫), তার ছেলে নিশান (১৫)। আশঙ্কাজনক অবস্থায় নিশানকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় জাসদ ক্যাডাররা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ ব্যাপক ভাঙচুর করে। এ হামলার প্রতিবাদে বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করে। এ ঘটনার পর থেকেই আওয়ামী লীগ ও জাসদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

কেএইচ