রাজধানীর গুলশান-১’র ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী।

আজ (৩০ মার্চ) শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এই আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সুগন্ধীর দোকান থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।  

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি পুড়ে যায় ডিএনসিসি মার্কেটের একাংশ।  

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, গতবারের আগুনের পর ফায়ার সার্ভিসের পরামর্শ মানা হয়নি। ডিএনসিসি মার্কেটের অবকাঠামো নিয়ে  এখনো অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

বনানীর অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ২৫

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে আটকা পরে অনেক মানুষ। আর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ভবনটির ৯তলা থেকে।

বৃহস্পতিবারের (২৮ মার্চ) অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে। 

এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখছেন। আশপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় দমকর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য সাধারণ মানুষকে।

এমবি