ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীর আকস্মিক ভাঙনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান, কালভার্ট ও এলজিইডির একটি পাকা সড়ক নদীতে বিলীন হয়ে গেছে।

নদীভাঙনে এ পর্যন্ত বিষখালি নদী তীরবর্তী বহু গ্রাম এবং প্রায় দেড় হাজার বিঘা আবাদি জমি নদীতে বিলীন হয়ে গেছে। কয়েকদিনের অব্যাহত এ ভাঙনে আতংকে রয়েছে এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, সোমবার রাতের আকস্মিক ভাঙনে উপজেলার বাদুরতলা বাজারের মন্নান হোসেনের ফার্মেসি, ওহাব মিয়ার ফার্নিচারের দোকান ও স’মিল, বাজার সংলগ্ন কালভার্ট ও বাজারের এলজিইডির পাকা সড়কটি বিষখালী নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এছাড়া গত দুদিনে নদী তীরবর্তী মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা হাট, মানকি সুন্দর ও নাপিতেরহাট এলাকায় আকস্মিক ভাঙন শুরু হয়েছে।

মঠবাড়ি ইউনিয়ন পরিষদের হিসাব মতে, এ পর্যন্ত বাদুরতলা বাজারের ১৪টি, নাপিতেরহাট এলাকার ২টি ব্যবসা প্রতিষ্ঠান ও মানকি সুন্দরের ১টি বসতঘর এবং গাছপালা ধসে নদীতে বিলীন হয়ে গেছে।

ভাঙন আতংকে দিশেহারা হয়ে পড়েছে শত শত নিঃস্ব-অসহায় পরিবার। অনেকেই তাদের ঘরবাড়ি নিরাপদে সরিয়ে নিচ্ছেন।

রাতে ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় আতংক আরও বেড়ে গেছে। তবে ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। দ্রুত কার্যকারি ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে কয়েকশ বাড়িঘর ও আবাদি জমি নদীতে ধসে পড়বে।

অপরদিকে, উপজেলার নাপিতেরহাট, মঠবাড়ি, সুন্দর, বাদুরতলা, চল্লিশ কাহনিয়া, উত্তর পালট গ্রামের প্রায় ৫শ পরিবার হুমকির মুখে রয়েছে। বর্তমানে বাদুরতলা লঞ্চঘাটটি ভেঙে যাওয়ায় সেখানে লঞ্চ তীরে ভিড়তে পারছে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা আক্তার বলেন, খোঁজ নিয়ে দেখে দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই