লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার মেয়র শাহেদ আলী পল্টুর বিরুদ্ধে দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন একই পৌরসভার কাউন্সিলরগণ। জাতীয় প্রেস ক্লাবের বর্ধিত হল রুমে শনিবার বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর মাহাবুবুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মনিরুল ইসলাম, প্রদীপ মজুমদার, নিজাম উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রীণা রানী দাস, ফকরুন নাহার ও নাসিমা বেগম।
কাউন্সিলর মাহাবুবুল আলম অভিযোগ করে বলেন, মেয়র পৌর পরিষদকে কোনো রকম তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে বিগত তিন বছর বিভিন্ন সন্ত্রাসী ও ক্যাডারবাহিনীর মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে মাসিক সভার রেজ্যুলেশন ও অন্যান্য কাগজপত্র আমাদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর করে নিয়েছেন।
এছাড়া পৌরসভার সম্পত্তি ভাড়া , হাট–বাজার ইজারা ও নগরের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্পের টাকাও তিনি আত্নসাৎ করেছেন বলে বক্তারা অভিযোগ করেন।
জেআই





