যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট সীমান্ত থেকে ভারতীয় সীমান্তক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা খোকন (২৮) নামে এক বাংলাদেশি গরুর রাখালকে গুলি করে আহত করে ধরে নিয়ে গেছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।খোকন অগ্রভুলোট গ্রামের আরশাদের ছেলে।
গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, ভোরে ইছামতি নদী পার হয়ে ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন খোকনসহ কয়েকজন রাখাল। এসময় বিএসএফ সদস্যরা ধাওয়া করে তাদের মধ্যে খোকনকে ধরে মারধর করে।
একপর্যায়ে তিনি পালানো চেষ্টা করলে তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে খোকন মাটিতে লুটিয়ে পড়লে বিএসএফ সদস্যরা তাকে ভারতের ঝাওডাঙ্গা বিএসএফ ক্যাম্পে ধরে নিয়ে যায়। এসময় তার সঙ্গীরা পালিয়ে আসতে সক্ষম হন।
চেয়ারম্যান আরো জানান, খোকনের সঙ্গীদের দাবি, নির্যাতনের পর খোকনকে লক্ষ্য করে যেভাবে গুলি চালানো হয়েছে তাতে এতোক্ষণে হয়তো তিনি মারা গেছেন।
সকাল ৯টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম জানান, এক গরু রাখালকে বিএসএফ সদস্যরা গুলি হত্যা করেছে বলে স্থানীয়দের কাছে শুনেছি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ





