কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসের চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম আবু নাঈম (৯) বলে জানা যায়।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম উপজেলার নারান্দী ইউনিয়নের আজলদী গ্রামের হাবিবুর রহমান সরকারের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, নাঈম বিকেলে শ্রীরামদী এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এসএইচ