মাগুরার এক আইনজীবীকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে ডিসিকোর্ট বর্জন করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে জেলা আইনজীবী সমিতি।
জর্জকোর্ট ভবন থেকে বুধবার দুপুর ১২টায় মিছিল নিয়ে আইনজীবী সমিতির সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। এ সময় সিনিয়র আইজীবী শফিকুজ্জামান বাচ্চু ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নেতা এপিপি অ্যাডভোকেট সৈয়দ ফিরোজুর রহমানের শাস্তি এবং মামলা প্রত্যাহারের দাবি করেন।
অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন অভিযোগ করে বলেন, ‘মিথ্যা একটি মামলা দেখিয়ে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রচার সম্পাদক এপিপি সৈয়দ ফিরোজুর রহমানকে এ কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানু জানান, সোমবার আদালত চলাকালে একটি সাত ধারা মামলায় বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে প্রদত্ত আদেশকে কেন্দ্র করে অশোভন, অশালীন অশ্রাভ্য ভাষায় গালি-গালাজ করে। এজলাস থেকে বের হয়ে যাবার সময় আদালত চত্বরে পথ রোধ করে শারিরীকভাবে মারতে এগিযে গেলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ শাস্তি প্রদান করা হয়।
জেলা প্রশাসক মাহাবুবর রহমান জানান, গত সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানুর সঙ্গে আদালত কক্ষে ও বাইরে অসদাচরণ করার অপরাধে ওই আইনজীবীকে শাস্তি প্রদান করা হয়।
কেএইচ





