পটুয়াখালীর জেলার বাউফল উপজেলায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে জেলেদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ৫ জন আহত হয়েছে। এছাড়া  সমীর হাওলাদার (৩৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, আহত ব্যক্তিদের মধ্যে সবুজ (৩৮) নামে এক জেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নান্টুসহ অপর দুই জেলেকে বাকেরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা সংলগ্ন লোহালিয়া নদীর কারখানা ও বাকেরগঞ্জের কবাই এলাকার জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সাঙবাদিকদের জানান, আজ  দুপুরে লোহালিয়া নদীর কারখানা ও কবাই অংশে মাছ ধরাকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বৈঠার আঘাতে সমীর নামে এক জেলে নদীতে পড়ে নিখোঁজ হন। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

একে