শহীদ মিনার ‘কলঙ্কিত, দুর্গন্ধময় ও অপবিত্র’ হয়ে গেছে মন্তব্য করে শহীদ মিনারকে নিষিদ্ধ ঘোষনার দাবি করেছেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। একই সঙ্গে শহীদ মিনারে কোনো ‘ভদ্র নাগরিকের’ আসা উচিত হবেনা বলেও মনে করেন তিনি।
শনিবার দুপুরে প্রয়াত অধ্যাপক ড. পিয়াস করিমের স্মরনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ আয়োজিত এক নাগরিক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
শহীদ মিনার এখন আওয়ামী স্বৈরতন্ত্রের মিনারের রুপান্তরিত হয়েছে অভিযোগ করে শফিক রেহমান বলেন, ‘এটা শহীদ মিনার নয়, আওয়ামী মিনার। এই মিনারকে বর্জন করে আগামী দিনে দেশে গণতন্ত্র ও ভদ্র সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের যোগ দিয়ে শহীদ মিনারকে ‘কলংকমুক্ত’ করতে হবে।’
তিনি বলেন, ‘ড. পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে আনতে না দেওয়ায় আওয়ামী লীগের সমালোচক বক্তা ও লেখকরা দ্বিধান্বিত ও ভীত হতে পারেন। এর মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা হরণে আরেক ধাপ এগুলো। আওয়ামী লীগের কলংক এখন শহীদ মিনারকে কলংকিত করেছে।এই মিনার এখন একটি অপবিত্র নোংরা জায়গা। তাই এখানে কোনো ভদ্র ও পরিচ্ছন্ন ব্যক্তির মরদেহ আনা উচিত হবেনা।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, শওকত মাহমুদ, সাংবাদিক শফিক রেহমান, কবি ফরহাদ মাজহার, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ, কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মো: ইব্রাহিম, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক এম এ আজিজ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভুইয়া প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এমএইচ





