আজ শনিবার বিকেলে রাজশাহী ও যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। যশোরের অভয়নগর ও রাজশাহীর পুঠিয়ায় এ সড়ক  দুর্ঘটনা ঘটে।

জানা যায়,শনিবার বিকেল ৪ টায় যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার মেহেরুন ফিলিং স্টেশনের কাছে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে ৪জনের মৃত্যু হয়।এতে অন্তত আরও  ৩জন আহত হয়েছে।

প্রাথমিকভাবে নিহত দু'জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ইজিবাইক চালক অভয়নগরের রাজঘাটের মো. রনি (৩০) ও যাত্রী খুলনার ফুলতলা উপজেলার ধামারিয়ার রোকেয়া (৩৫)। নিহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছয়রুদ্দিন চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় শনিবার বিকেল পৌনে ৪ টায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

একে