মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজশাহীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার এ রায় ঘোষণা করা হবে।

তার আগে মঙ্গলবার বিকাল থেকেই মহানগরীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে রাতেই। এছাড়া বুধবার ভোর থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হবে। সকাল থেকে প্রধান সড়কসমূহে যৌথভাবে টহল দিবে পুলিশ ও র‌্যাব।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার-উল-আলম জানান, এ ব্যাপারে মহানগর পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে রাতে বৈঠক রয়েছে। তবে রাতের যে কোনো সময় থেকেই রাজশাহীতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। স্ট্যান্ডবাই রাখা হবে আরও দুই প্লাটুন বিজিবি।

এছাড়া রাজশাহী জেলা এবং বিভাগের অন্যান্য জেলায়ও প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন করার জন্য প্রস্তুতি চলছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার-উল-আলম।

সার্বক্ষণিক প্রস্তুত রাখা দুই প্লাটুন বিজিবি সদস্য বুধবার জেলার মধ্যে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী জানান, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড কোনভাবেই বরদাস্ত করা হবে না। কেউ নাশকতার চেষ্টা চালালে তা কঠোর হাতে দমন করা হবে।

পুলিশের উপ-কমিশনার নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই