নির্ধারিত দিল্লি সফর স্থগিত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সেখানে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে এ সফর স্থগিত হলেও কেউ আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করতে চাননি।
২ থেকে ৬ মার্চ পর্যন্ত স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের দিল্লি থাকার কথা ছিল। কিন্তু সফরের একদিন আগে রোববার অনিবার্য কারণ দেখিয়ে আকস্মিকভাবে এ সফর স্থগিত করা হলো।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় সংসদের নানা অনুষ্ঠানমালায় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে আমন্ত্রণ জানানো ছাড়াও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানোর জন্য স্পিকারের দিল্লি যাওয়ার কথা ছিল। এজন্য সোমবার (০২ মার্চ) থেকে ৬ মার্চ স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের দিল্লি থাকার কথা ছিল।
প্রতিনিধি দলে স্পিকার ছাড়াও চিফ হুইপ-নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহীমসহ সংসদ সদস্য ও কর্মকর্তা মিলে ১৮ জনের যাওয়ার কথা ছিল।
সফর বাতিল করার সিদ্ধান্তের বিষয়ে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এএস





