কুমিল্লার চান্দিনা উপজেলার রানীচর গ্রামের ব্রিজ সংলগ্ন সড়কে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই জনকে হত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোলেমান (২৮) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবারিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রুবেল (২৫)।

এছাড়া পিটুনিতে গুরুতর আহত হয়েছেন চান্দিনার বেলাশহর গ্রামের সেলিম মিয়ার ছেলে নাইম (২৮)। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নোমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে রানীচর মাদ্রাসা সংলগ্ন ব্রিজ এলাকায় ডাকাতির সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে। একপর্যায়ে ওই তিনজনকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে ভোর ৫টায় চান্দিনা থানা পুলিশ তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সোলেমানকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ জানান, নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমএম