মাগুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এলাহী মোল্যা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহম্মদপুর উপজেলার কুমরুল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত এলাহী মোল্যা মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের মৃত হাসেম মোল্যার ছেলে।

পুলিশ জানায়, মাগুরার কুমরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে স্থানীয় ফকির ও মোল্যা গোষ্ঠীর সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় রেফারির একটি বিতর্কিত গোলের সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের চার থেকে পাঁচ জন মারামারিতে জড়িয়ে পড়েন। এতে এলাহী গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এলাহীর বড় ছেলে আরব আলীর অভিযোগ, তার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এমবি