নারায়ণগঞ্জ ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অপরদিকে ওসমান হাদির নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর কমিটির উদ্যোগে শহরের শোক মিছিল বের হয়। এ সময় নেতাকর্মীরা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে নারায়ণগঞ্জের ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদমিনার থেকে এ মিছিল শুরু হয়।
চট্টগ্রাম ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রাম ছিল দুইদিন যাবৎ উত্তাল। সর্বশেষ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে জুলাই ঐক্য ও ইসলামী ছাত্রশিবির। এ ছাড়া জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ ওসমান হাদির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ‘জুলাই ঐক্যের’ ব্যানারে দুপুরে নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে কফিন মিছিল করা হয়। অপরদিকে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। জুলাই ঐক্যের ব্যানারে জাতীয় পতাকা দিয়ে মোড়ানো প্রতীকী কফিন নিয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হওয়া মিছিলটি জামালখান মোড়ে গিয়ে শেষ হয়। অপরদিকে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল দেওয়ান হাট মোড়ে গিয়ে শেষ হয়।
বগুড়া ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ হয়েছে। জুমার নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল বের করেন জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও এনসিপিসহ সাধারণ ছাত্র-জনতা। শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানান। পরে শহরের সাতমাথা হয়ে এনসিপি ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বনানী মোড়ে গিয়ে মহাসড়ক অবরোধ করে। প্রায় পৌনে ১ ঘণ্টা এই অবরোধ চলে। এ সময় রাস্তার দু’দিকেই যানবাহন চলাচল বন্ধ থাকে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে হয়।

রংপুর ॥ ‘জান দেব, জুলাই দেব না’ এই স্লোগানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে স্মরণে রংপুর নগরীতে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় নগরীর জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশ থেকে র্যালি শুরু হয়ে পুলিশ লাইনস মোড়, কাচারী বাজার প্রদক্ষিণ শেষে ডিসির মোড়ে গিয়ে শেষ হয়। র্যালির শেষ প্রান্তে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুসহ বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, রংপুর মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা শাখার আহ্বায়ক আল মামুন, গণসংহতি আন্দোলনের রংপুর মহানগর আহ্বায়ক তৌহিদুর রহমান, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান সজীব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া, রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুর রহমান মিম, জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।
নাটোর ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের পরিচিত কণ্ঠ শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। শুক্রবার বাদজুমা নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোরের ভবানীগঞ্জ মোড়স্থ জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। এর আগে নাটোর শহরের নিচাবাজার ছায়াবানী চত্বর থেকে মসজিদ মার্কেট পর্যন্ত এলাকা ‘শহীদ ওসমান হাদি চত্বর’ হিসেবে ঘোষণা করা হয়। বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ ওবায়দুল্লাহ মীম, শিশির আহমেদ, মোহাম্মদ রনি, সালাউদ্দিন আইয়ুবী, আল আমিন হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।

ঝালকাঠি ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর ঈদগাহ জামে মসজিদ ভাঙন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র-জনতা। মিছিলটি স্থানীয় কলেজ মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে তারা ৩টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় অবরোধ শুরু করে। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মাদারীপুর ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে সদর উপজেলার মোস্তফাপুরে জড়ো হন তারা। পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল বিভাগসহ মাদারীপুর জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ব্যানার ফ্যাস্টুন হাতে স্লোগান দেন বক্তারা। বিচার দাবি করেন তারা। উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জাতীয় নাগরিক পার্টি মাদারীপুর জেলার যুগ্ম-সমন্বয়কারী হাসিবুল্লাহ, যুগ্ম-সমন্বয়কারী রুবেল মৃধা, কার্যকরি সদস্য হাফেজ আব্দুর রহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, সাবেক যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম সানিসহ অনেকেই।
নেত্রকোনা ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে নেত্রকোনা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরই কেন্দ্রীয় শহীদ মিনারে এবং শুক্রবার সারাদিন দফায় দফায় শহরের বিভিন্ন পয়েন্টে এসব মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। বক্তব্য দেন, এনসিপি মনোনীত এমপি প্রার্থী ফাহিম রহমান খান পাঠান, ইঞ্জিনিয়ার ইফতেকার শামীম, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা গাজী আব্দুর রহিম রুহী, এনসিপি নেতা হাসনাত জনি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা ইসলাম মোহ ও রাজীব মিয়া প্রমুখ।
ভোলা ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ভোলায় প্রতিবাদ সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় ভোলা ছাত্র-জনতার আয়োজনে শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এ ছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিতে নিহত শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে তাঁর হত্যাকারীর ফাঁসির দাবিতে ভোলায় ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের বাংলা স্কুল মোড় থেকে শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে কালীনাথ রায়ের বাজারে গিয়ে শেষ হয়।
গাজীপুর ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গাজীপুরজুড়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষুব্ধরা জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও সমাবেশ করেছে। শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই-৩৬ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাসহ এলাকাবাসী এসব কর্মসূচি পালন করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এলাকায় ক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধ জনতা। তারা হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে রাতেই চান্দনা চৌরাস্তাসহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। শুক্রবার সকালেও জেলার বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই-৩৬ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাসহ এলাকাবাসী। জুমার নামাজের পর গাজীপুরের চান্দনা চৌরাস্তা, শিববাড়ি মোড়, ডুয়েট এলাকা, কালিয়াকৈরের চন্দ্রা, সফিপুর, কোনাবাড়ি, টঙ্গী কলেজ গেটসহ বিভিন্ন এলাকায় জুলাই যোদ্ধারাসহ সাধারণ শিক্ষার্থী, মুসল্লি ও বিভিন্ন দলের কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ছাত্র-জনতা। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে একই স্থানে শেষ হয়। এরপর হাদির আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব ও সেক্রেটারি তুষার ইমরান সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহাম্মেদ, ডাকসু হল সংসদের পাঠচক্র বিষয়ক সম্পাদক ওয়াসির আল মাস্তুর প্রমুখ।
রাজশাহী ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরের পর পরই উত্তাল হয়ে ওঠে বিভাগীয় শহর রাজশাহী। বৃহস্পতিবার রাতেই জুলাইমঞ্চ, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নগরের সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। শুক্রবার জুমার নামাজের পর নগরের সাহেববাজার বড় মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাইমঞ্চ, এনসিপি, যুবশক্তি, গণঅধিকার পরিষদ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমানের সঞ্চালনায় এ সময় আহ্বায়ক মোবাশ্বের আলীসহ আরও অনেকে বক্তব্য দেন।
নীলফামারী ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষে সকল মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা শহরের বড় বাজার মসজিদ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে তাওহীদি জনতা, ছাত্র সমাজ, সর্বস্তরের জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে বাদ আছর জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ ছাত্র যুব ও গণঅধিকার পরিষদ জেলা শাখার পক্ষে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি জেলা আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম, সেক্রেটারি সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাকির হোসেন রঞ্জু, সাবেক সেক্রেটারি আহমেদ রায়হান, নীলফামারী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ছাত্র ও তৌহিদি জনতার প্রতিনিধি মনির হোসেন, রাজু ও মাওলানা আব্দুল হান্নান, মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ সরকারসহ অনেকে।
সিরাজগঞ্জ ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে প্রতি মহল্লার মসজিদে গায়েবানা জানাজা ও বিশেষ মোনাজাত এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ সরকার। শুক্রবার বাদ জমা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিপ্লবী ছাত্র ঐক্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনসাধারণ অংশগ্রহণ করেন।
বরিশাল ॥ জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে গোটা বরিশাল জেলা। দ্বিতীয় দিনের ন্যায় শুক্রবার সকালে ছাত্র-জনতা বরিশাল নগরীর নথুল্লাবাদের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করে। পরে মহাসড়কের ওপর ছাত্র-জনতা জুমার নামাজ আদায় শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করে। এছাড়াও নগরীসহ জেলার প্রতিটি উপজেলার মসজিদে বাদ জুমা ওসমান হাদির বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মহাসড়কের চৌমাথা এলাকায়ও একই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাত বারোটার দিকে বিভাগীয় কমিশনারের বাসভবনের সামনের সড়কে এসে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে বিপ্লবী শহীদ ওসমান হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বরিশালের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সড়ক অবরোধ তুলে নিয়ে মহাসড়ক ত্যাগ করায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বান্দরবান ॥ বান্দরবানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও এবং সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে ছাত্র-জনতা। এ সময় বিক্ষোভকারীরা সাবেক মন্ত্রী বাহাদুরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সড়কের ব্যারিকেড তুলে দেয় ছাত্র-জনতা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রনেতা আসিফ ইকবাল বলেন, গত বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার বলেছিলেন ২৪ ঘণ্টার মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে গ্রেপ্তার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এখনো পর্যন্ত তা না করায় এই ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে।
খুলনা ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় খুলনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিপ্লবী ছাত্র-জনতা। শুক্রবার নগরীর শিববাড়ি মোড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন জুলাই যোদ্ধা আল শাহরিয়ার, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবুজার আলকামা, তাসনিম চৌধুরী, ড. আব্দুল্লাহ চৌধুরী, মিরাজ হোসেন, সাইফ নেওয়াজ, নিয়াজ আলম রনি প্রমুখ। পরে সেখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে সড়কের ওপর দাঁড়িয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় হাদির রুহের মাগফিরাত, একই সঙ্গে সকল জুলাই শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সবশেষে বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা। মিছিলটি নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে ময়লাপোতা মোড় ঘুরে পুনরায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।

নরসিংদী ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। পরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে। তারা মহাসড়কে ইট, কাঠ ফেলে এবং সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়। বেলা আড়াইটা থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। তবে সন্ধ্যা সাড়ে পাঁচটার পর থেকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল পুনরায় শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত-শিবির, এনসিপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবরোধে অংশগ্রহণ করে। এ অবরোধের ফলে মাধবদী, শেখেরচর, পাঁচদোনা মোড়, সাহেপ্রতাব, ভেলানগর ইটাখোলাসহ ঢাকা-সিলেট সড়কের নরসিংদী অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন। আন্দোলনকারীদের হ্যান্ডমাইকে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শহীদ হাদির রক্তে কেনা দেশটা কারও বাপের না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ফেনী ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তাল হয়ে উঠে ফেনী। বৃহস্পতিবার তার মৃত্যুর সংবাদে তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র-জনতা। এ ছাড়া শুক্রবার বাদ জুমা বিক্ষোভ, গায়েবানা জানাজা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। শুক্রবার বাদ জুমা শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা ‘আমি কে? তুমি কে’, ‘হাদি, হাদি’, ‘লীগ ধর, জেলে ভর’সহ নানা স্লোগানে উত্তাল করে তোলে শহর। ফ্যাসিবাদবিরোধী ঐক্য মঞ্চের সংগঠক ইয়াছিনের পরিচালনায় মহিপালের জিরোপয়েন্টের শহীদ চত্বরে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক, আপ বাংলাদেশের আহ্বায়ক ইউনুস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ, জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা ইকরাম মাসুদ খান পারভেজ প্রমুখ। এ সময় মহাসড়কে গায়েবানা জানাজা ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল হান্নান।
বাগেরহাট ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী জুলাই জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে পুরানো কোর্ট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । মিছিল শেষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু, আপ বাংলাদেশের সচিব মোহাম্মদ হেলাল মল্লিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা আহ্বায়ক এসএম সাদ্দাম, ইসলামী যুব আন্দোলন নেতা মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম, বাগেরহাট জেলা ছাত্রদল নেতা আল মামুন প্রমুখ।
শিবচর, মাদারীপুর ॥ জুলাই আন্দোলনের প্রতিবাদী কন্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে হাজী শরীয়তুল্লাহ সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা হানজালার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে মাদারীপুরের শিবচরের সর্বস্তরের জনতা। শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। সকলের বক্তব্য শেষে শহীদ হাদির রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। এ সময় হাজী শরীয়তুল্লাহ সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা ত্বহা, গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলার সভাপতি গাউছ মৃধা, হাজী শরীয়তুল্লাহ সমাজকল্যাণ পরিষদের সূরা সদস্য মুফতি নজরুল ইসলাম, শানু কাজী, উপজেলা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, মাওলানা কবির হোসেন, পৌর ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জেল হোসেন মোল্লাসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
টঙ্গী, গাজীপুর ॥ সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে টঙ্গীর কলেজ গেটে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা ও সর্বস্তরের ছাত্র-জনতা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে এবং সড়ক অবরোধ করে। কলেজগেটের সামনের সড়কে আগুন জ্বালিয়ে গাড়ি-ঘোড়া চলাচল বন্ধ করে দেয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা হাদী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধ শেষে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
কচুয়া, চাঁদপুর ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে কচুয়ায় ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। শুক্রবার সকালে কচুয়া বিশ্ব রোডে সড়ক অবরোধ করে ছাত্রসমাজ রাস্তায় বসে বিক্ষোভ মিছিল করে। এ সময় ঢাকা-কচুয়া সড়কে ঘণ্টাব্যাপী সবধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মিছিল বিক্ষোভ মিছিলটি কচুয়া পৌর বাজার প্রদক্ষিণ করে থানার সামনে একত্রিত হয়ে মিছিল করতে থাকে। ওসি বোরহান উদ্দিন ছাত্র সমাজকে বলেন, আমরা আপনাদের বক্তব্যকে সমর্থন করি ।

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যুর খবরে এবং হত্যাকারীদের বিচার দাবিতে শুক্রবার সকালে কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী বাজার থেকে রূপগঞ্জ সদর ইউনিয়নের রূপগঞ্জ থানার সামনে দুই ঘণ্টাবাপী বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা ও সর্বস্তরের ছাত্র-জনতা রূপগঞ্জে মহাসড়কে নেমে আসে এবং সড়ক অবরোধ করে। ওসমান হাদির মৃত্যু অত্যন্ত দুঃখজনকভাবে, গত ১২ ডিসেম্বর গুলিতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শরীফ ওসমান হাদী মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল, কিন্তু তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং একাধিক অঙ্গ অকেজো হয়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। তার মৃত্যুতে দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
কলাপাড়া, পটুয়াখালী ॥ জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে কলাপাড়ায় শুক্রবার জুমার নামাজ বাদ শত শত মানুষ বিক্ষোভ প্রতিবাদ করেছেন। ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় বড় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সংগঠক নজরুল ইসলাম, নাজমুস সাকিব, সাংস্কৃতিক সংগঠক তানজিল জামান জয়, জানিব ও ছাত্রনেতা আতিকুল ইসলাম দিপু প্রমুখ। একই দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে কলাপাড়া পৌর শহরে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শুক্রবার সকালে ছাত্র-জনতার ব্যানারে হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া জুমার নামাজ বাদ বিভিন্ন মসজিদে হাদির মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

চাটমোহর, পাবনা ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশের মতো পাবনার চাটমোহরেও মসজিদে মসজিদে জুমায় বিশেষ দোয়াসহ গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশপ্রেমিক বাংলাদেশ ছাত্র-জনতার ব্যানারে শুক্রবার বাদ জুমা স্থানীয় বালুচর খেলার মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মওলানা আ. মান্নান। পরে শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরানো বাজার স্টার মোড়ে গিয়ে প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন ফয়সাল কবির, আব্দুল আলীম, সাজেদুর রহমান সেজান, শেখ জাবের আল শিহাব, ইমরান হোসেন, শহিদুল ইসলাম, হাসানুজ্জামান সবুজ, তানভীর জুয়েল লিখন প্রমুখ।
মধুপুর-ধনবাড়ী, টাঙ্গাইল ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে ধনবাড়ী বাসস্ট্যান্ডে ‘শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন এনসিপির টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের এমপি প্রার্থী জুলাই আন্দোলনে শহীদ সাজিদের ভাই সাইদুল ইসলাম আপন, এনসিপির টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মানিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার প্রচার ও দওয়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মিনহাজ উদ্দিন, গণঅধিকার পরিষদ ধনবাড়ীর সভাপতি শামছুল হক ও টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাকিব শাকিলসহ অন্যরা।
মোরেলগঞ্জ, বাগেরহাট ॥ ফ্যাসিবাদ, ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক অগ্রাসনবিরোধী জুলাইয়ের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হত্যার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে নব্বইরশী মডেল মসজিদ থেকে জুলাই জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়াপট্টি চৌরাস্তা মোডে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে বিক্ষুব্ধ জনতা। বক্তৃতা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহাদাৎ হোসাইন, পৌর আমির রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ, উপজেলা যুব জামায়াতের সভাপতি শফিউল আজম, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর মিডিয়া সম্পাদক সুলাইমান আবিদ, ছাত্রদলের সদর ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
লালপুর, নাটোর ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিচারের দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে লালপুর সদর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে ত্রিমোহনী চত্বরে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার সভাপতি জাহিদ হাসান, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা সাজ্জাদুর রহমান সাদ্দাম, উপজেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ। সমাবেশ শেষে শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এনএইচ