যশোরের কেশবপুরে গণপিটুনিতে আহত আল আমিন (২২) নামে এক ‘ডাকাত’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কেশবপুর উপজেলার আলতাপোলে শুক্রবার ভোরে ডাকাতির চেষ্টাকালে সে গণপিটুনির শিকার হয় বলে পুলিশ জানায়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, ভোরে আল আমিন ও তার এক সঙ্গী কেশবপুর-চুকনগর সড়কের আলতাপোলে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে গাড়িতে ডাকাতির চেষ্টা করছিল। ওই সময় লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে আসে। এ সময় তারা একটি বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করে। সহযোগী পালাতে পারলেও আল আমিন ধরা পড়ে।

তিনি জানান, ওই সময় গ্রামবাসীর মারপিটে সে মারাত্মক আহত হয়। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক লায়লা নারগিস জানান, মাথায় আঘাতজনিত কারণে আল-আমিনের মৃত্যু হয়েছে।

ওসি আবদুল জলিল জানান, আল আমিনের বিরুদ্ধে পাঁজিয়া বাজারে একটি ডাকাতির মামলা রয়েছে। সে কেশবপুর উপজেলার বেতিখোলা গ্রামের আবদুল কাদের খানের ছেলে।

এএইচ