ঢাকার যানজট সমস্যা রীতিমতো একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার দুপুরে ওয়াশিংটন ডিসির বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী ট্রান্সপোর্টেশন সামিটের প্রথম দিন এ বিষয় তুলে ধরেন তিনি।
সামিটে মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানী শহর ঢাকার যানজট মূলত সমস্যা নয়, এটি রীতিমতো একটি চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ঢাকায় মানুষ আসছে। অধিকাংশই রিকশাচালক কিংবা হকার হিসেবে কাজ করছে। এদের নিয়ন্ত্রণ রীতিমতো একটি চ্যালেঞ্জ, তাই দরকার সমন্বিত ব্যবস্থাপনা।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য মেগা সিটির গণপরিবহন ব্যবস্থার সংকট উত্তরণের উপায় ও জ্বালানি সাশ্রয়ী আগামীর পরিবহন ব্যবস্থা চালু করা। ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে, বাস রুটে মাধ্যমে সিটি বাস সার্ভিসকে নিয়মের মধ্যে আনার চেষ্টা চলছে। পরবর্তী ধাপে ঢাকার রাস্তায় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা রয়েছে। মেট্রোরেলের স্টেশন কেন্দ্রিক করিডোর ব্যবস্থাপনার জন্য ডিএনসিসিকে প্রায় ১৬০০ কোটি টাকার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।
ঢাকার সবচেয়ে বড় সমস্যা জনসংখ্যা ঘনত্ব। ঢাকার জনসংখ্যার ঘনত্ব ৪৯০০ বর্গ কি.মি। জলবায়ু পরিবর্তনের কারণে ঢাকা শহরে প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ প্রবেশ করছে। যা নিয়ন্ত্রণ করা কষ্টকর বলে জানা মেয়র।
এইচএম





