লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পিকাআপের ধাক্কায় হরিপদ রায় ওরফে হরিপদ মাষ্টার (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) রাতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উপজেলার সারপুকুর চৌপথি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হরিপদ মাষ্টার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের চাকলা সোনারহাট এলাকার বাসিন্দা। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদিতমারী উপজেলার সারপুকুর চওড়াটারী গ্রামে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিবেশী স্কুল শিক্ষক মানজিদ কুমারের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন হরিপদ মাষ্টার। সারপুকুর বিটিসি কোম্পানী চৌপথি মোড়ে মহাসড়ক অতিক্রম করার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ভোটমারী গামি একটি পিকআপ তাদেরকে ধাক্কা দিলে মোটর সাইকেলে থাকা দুইজন শিক্ষক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা হরিপদ মাষ্টারকে মৃত ঘোষনা করেন। আহত তার সঙ্গী মোটর সাইকেল চালক মানজিদ কুমার মাষ্টারকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গুলফামুল হক মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারকে খবর দেয়া হয়েছে। ঘাতক পিকাআপটিকে আটক করা হলেও চালক পালিয়েছে।

নুরনবী/এমবি