রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় আবদুল খালেক (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। খালেক একজন মুক্তিযোদ্ধা ছিলেন। সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ভাতাও পেতেন।
আজ মঙ্গলবার মিরপুর শাহআলী মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় খালেক নিহত হন। খালেককে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত খালেক পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা ছিলেন। মিরপুর-১ ধানক্ষেত মোড় এলাকায় দুই মেয়েকে নিয়ে থাকতেন তিনি। খালেক রাস্তায় পান-সিগারেট বিক্রি করতেন।
রমজান আলী নামের এক প্রত্যক্ষদর্শী জানান, রাস্তা পারাপারের সময় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি খালেককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার সময় রাস্তায় তাঁর মৃত্যু হয়।
খালেকের মেয়ের স্বামী সাজ্জাদ হোসেন জানান, আব্দুল খালেক মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ৯ নম্বর সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সরকারের পক্ষ থেকে ভাতা পেতেন এবং জমিও পেয়েছেন।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, দুর্ঘটনার পর পরই সিটি করপোরেশনের গাড়িটিসহ চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তি মুক্তিযোদ্ধা ছিলেন।
এএইচ





