সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশের পাশে থেকে সৌদি আরবের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে বাংলাদেশি হজযাত্রীদের দুর্ভোগ কমাতে সৌদি আরবের প্রতি বিশেষ অনুরোধ জানান রাষ্ট্রপতি। মিনায় গোসলখানা ও শৌচাগারসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নয়নের আহ্বান জানান তিনি।
জবাবে সৌদি রাষ্ট্রদূত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সৌদি আরবে ৩৫ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন উল্লেখ করে দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সৌদি রাষ্ট্রদূত জ্বালানি, সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
মির্জা ফখরুল সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে অত্যন্ত চমৎকার উল্লেখ করে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সৌদি নেতৃত্বের প্রশংসা করে মুসলিম উম্মাহর কল্যাণে তাদের ভূমিকার জন্য শুভেচ্ছা জানান এবং সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোনো বিদেশি কূটনীতিকের এটি প্রথম সাক্ষাৎ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব, প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস